ইন্টার্নেটে অনেক আকর্ষণীয় ওয়েবসাইট দেখতে পাই যেগুলো ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে তৈরি। কিন্তু কোন থিম সেটা বোঝা যায়না। কিভাবে যেকোন ওয়েবসাইটের থিম এর নাম জানতে পারবো?
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম ও প্লাগিন এর নাম বের করার বিভিন্ন উপায় রয়েছে। সবচেয়ে সহজ হলো অনলাইন টুলস মাধ্যম। আবার ব্রাউজার এ পেজ ইন্সপেকশন করেও বের করা যায়। আমি দুটোর প্রসেসই বলছি।
অনলাইন
অনলাইনে যেকোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কী থিম বা প্লাগইন ব্যবহার করছে তা বের করা একদম সহজ। এজন্য অনলাইনে বেশ কিছু ফ্রি টুল আছে। আপনি চাইলে RAKKOTOOLS নামের একটা ওয়েবসাইটে গিয়ে এটা খুব সহজেই দেখে নিতে পারেন। এই অনলাইন টুলটা আমার পছন্দের তাই রিকমেন্ড করছি।
প্রথমে browser-এ গিয়ে https://rakko.tools/bn/tools/wordpress-theme-detector সাইটে ঢুকবেন।
সেখানে "অনুসন্ধান করতে চান এমন ওয়েবসাইটের URL" লেখা একটা বক্স দেখতে পাবেন। ওই বক্সে আপনি যেই ওয়েবসাইটের থিম বা প্লাগইন জানতে চান, সেটার লিঙ্ক বা ইউআরএল (যেমন: https://www.whitehouse.gov/ ) বসিয়ে দিবেন। এরপর নিচে "যাচাই করুন" বাটনে চাপ দিলেই কেল্লা ফতে!
কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর সাইটটি আপনাকে বিস্তারিত দেখিয়ে দেবে। যদি সাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়ে থাকে, তবে সেখানে ব্যবহৃত থিমের নাম, থিমের ফোল্ডার নাম এবং ওয়েবসাইটের সক্রিয় প্লাগইনগুলোর তালিকা স্পষ্ট দেখতে পাবেন। এমন কি সাইটটি কোন সার্ভারে হোস্ট করা বা নজরে আসার মতো আরও কিছু টেকনিক্যাল তথ্যও সেখানে পেয়ে যাবেন।
এভাবে খুব সহজে যেকোনো ওয়ার্ডপ্রেস সাইটের ভেতরকার ডিজাইন ও প্লাগইনের খবর নেওয়া যায়।
এরকম আরও কিছু জনপ্রিয় ওয়েবসাইট আছে। যেমন, wpdetector.com, scanwp.net, isitwp.com ইত্যাদি। সবগুলোর প্রসেস একই। তাই রিপিট করলাম না।
পেজ ইন্সপেক্ট
ব্রাউজারের পেজ ইন্সপেক্ট করে কোনো ওয়েবসাইটের থিম বা প্লাগইন বের করার নিয়মটা বেশ সহজ। প্রথমে যেই ওয়েবসাইটের তথ্য দেখতে চান, সেই সাইটে গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে Inspect অপশনে যেতে হবে অথবা কিবোর্ডে Ctrl + Shift + I চাপতে হবে। এরপর পেজের ডানপাশে বা নিচে কোডের একটা বক্স চলে আসবে।
কোডের বক্স আসার পর কিবোর্ডে Ctrl + F চাপলে একটা সার্চ বক্স ওপেন হবে। সেখানে wp-content/themes লিখে এন্টার দিলেই থিমের ফোল্ডার নাম বা থিম ফাইলের পাথ দেখতে পাবেন। ঠিক একইভাবে wp-content/plugins লিখে সার্চ করলে ওই সাইটে কোন কোন প্লাগইন ব্যবহার করা হচ্ছে সেগুলোর তালিকাও স্ক্রিনে চলে আসবে।
আশাকরি উপকৃত হয়েছেন!


